বিনম্র শ্রদ্ধায় স্মরণে সুধা মিয়া

১৬ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:১১  
আজ ১৬ ফেব্রুয়ারি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী এবং আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৯তম জন্মদিন। ক্ষণজন্মা এই পুরুষকে রংপুরের মানুষ সুধা মিয়া নামে ডাকতেন। দিবসটি পালন উপলক্ষে রংপুর মহানগরী এবং তার জন্মস্থান পীরগঞ্জ উপজেলার লালদিঘি ফতেহপুর গ্রামে ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, উপজেলা আওয়ামী লীগ, মহাজোটের শরীক দলসমূহ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন স্মৃতিচারণ, সুরা ফাতেহা পাঠ, কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
বরেণ্য এই বিজ্ঞানীর জন্মদিনে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফেসবুকে তাকে নিয়ে দেয়া এক শ্রদ্ধাঞ্জলীতে পলক লিখেছেন- নিভৃতচারী এই বিজ্ঞান গবেষকের জন্মদিনে তাঁকে স্মরণকরি শ্রদ্ধাবনত চিত্তে।
১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘির ফতেহপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বিশ্ববরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া।  পিতা মরহুম আব্দুল কাদের মিয়া ও মাতা মরহুমা ময়জুনেসার চার পুত্র ও তিন কন্যার মধ্যে তিনি ছিলেন সর্ব কনিষ্ঠ। ১৯৬৭ সালের ১৭ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সংসার জীবনে তিনি দুই সন্তানের জনক। তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ।
বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এ বিজ্ঞানী ২০০৯ সালের ৯ মে ইন্তেকাল করেন।